জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও পাচার রোধে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

0
23
জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও পাচার রোধে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও একটি অসাধু চক্রের তৈরি করা কৃত্রিম সংকট ও সীমান্ত দিয়ে তেল পাচার রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তেলের বাজার অস্থির করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে দেশজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

বর্তমানে দেশে তেলের কোনো ঘাটতি নেই; ইতিমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং সমপরিমাণ তেলের আরও একটি চালান আসার পথে রয়েছে। এই সংকটের পেছনে অসাধু মজুতদারদের কারসাজি ও চোরাচালানকে দায়ী করে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তদারকি করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে সংসদ সদস্যদের এলাকাভিত্তিক তথ্যে সমৃদ্ধ করতে মন্ত্রীদের বিশেষ ব্রিফিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী, যা সংসদীয় ইতিহাসে এবারই প্রথম। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং অনুষ্ঠিত হবে যাতে জনপ্রতিনিধিরা মাঠপর্যায়ে তেলের দাম ও মজুত নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এছাড়া আগামীকাল রবিবার সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

দুর্ঘটনা রোধ ও অন্যান্য সিদ্ধান্ত:
বৈঠকের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। সভায় সম্প্রতি ঘটে যাওয়া বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা ভবিষ্যতে দুর্ঘটনা রোধে গৃহীত পদক্ষেপগুলো সংসদীয় কমিটিকে অবহিত করেছেন। এছাড়া সংরক্ষিত নারী আসন ও সংসদীয় স্থায়ী কমিটি গঠন সংক্রান্ত বিষয়গুলো আগামী ৩০ মার্চের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে চিফ হুইপ নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here