ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এ ম্যাচে পুরো একাদশ বদলে ফেলে দলের গভীরতা যাচাইয়ের সুযোগ নেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার এই কৌশল সফল হয়েছে এবং দেজিরে দুয়ের জোড়া গোলে ৩-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে টানা দুই জয় নিয়ে ফিফার মার্চ উইন্ডো শেষ করল ফরাসিরা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে দুদল সমান তালে লড়লেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ফ্রান্স। ফরাসিদের পক্ষে ২৯ মিনিটে প্রথম গোলটি করেন পিএসজির তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে, যা ছিল জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল। এরপর ৪১ মিনিটে সতীর্থের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। ম্যাচের ৫৬ মিনিটে থুরামের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি পূর্ণ করেন ২০ বছর বয়সী উইঙ্গার দুয়ে।
ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে কলম্বিয়া ৭৭ মিনিটে একটি গোল শোধ করতে সমর্থ হয়। দলের পক্ষে একমাত্র গোলটি করেন জ্যামিন্টন কাম্পাজ। এর আগে কলম্বিয়ার দুই তারকা হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজকে তুলে নেন তাদের কোচ। অন্যদিকে দেশমও ম্যাচের শেষভাগে কিলিয়ান এমবাপেসহ বেশ কয়েকজন বদলি খেলোয়াড় মাঠে নামান। এমবাপে একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কলম্বিয়ার জন্য এটি টানা দ্বিতীয় হার, কারণ এর আগে ক্রোয়েশিয়ার কাছেও তারা ২-১ ব্যবধানে হেরেছিল।