অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি সম্পূর্ণ বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার রাতে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, জনস্বার্থে জারি করা এসব অধ্যাদেশের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি।
তবে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া সম্ভব নাও হতে পারে। যেগুলো সময়মতো পাস করা যাবে না, সেগুলো পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে।
তিনি আরও বলেন, গণভোট-সংক্রান্ত অধ্যাদেশটি নতুন করে আইন করার প্রয়োজন নেই বলেই সরকারের মত।
বৈঠকে একাধিক বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভিন্নমত পোষণ করেন। তারা কিছু প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ দেন এবং অভিযোগ তোলেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে নিয়ে যাচ্ছে।
বৈঠক শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে।