সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ও পুরস্কার ঘোষণা

0
26
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ও পুরস্কার ঘোষণা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ যুব দল। মালদ্বীপে অনুষ্ঠিত টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় লাল-সবুজরা। এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তিনি দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় ফুটবল অঙ্গনে এমন একটি বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন। তবে আর্থিক পুরস্কারের সুনির্দিষ্ট অংক তিনি তাৎক্ষণিকভাবে উল্লেখ করেননি।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালেই তিনি অত্যন্ত আগ্রহের সাথে অনলাইনে বসে টান টান উত্তেজনার এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন এবং দলের দুর্দান্ত জয়ে উল্লাস প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here