রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কখন আদালতে তোলা হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কাজ চলছে, কিছুটা সময় লাগবে।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন জানান, আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ সময় তিনি এই পদে বহাল ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকেসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও আসামি হিসেবে রয়েছেন।