মুজিবনগরে মাদরাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার

0
20
মুজিবনগরে মাদরাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদরাসার হিফজ বিভাগের বোর্ডিংয়ে থাকা ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে নুর উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে আটক করে।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসে তাদের সন্তান মুজিবনগর আইডিয়াল মাদরাসা ও দাখিল হিফজখানায় পড়াশোনা করছিল। বৃহস্পতিবার রাতে অন্য এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে শিশুটির বাবা জানতে পারেন যে, আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন। খবর পেয়ে বাবা মাদরাসায় এসে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও কয়েকজন ছাত্রের সঙ্গে একই ধরনের আচরণ করার অভিযোগ রয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষী শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here