রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্তের দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি চায়নিজ পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাঘাইছড়িতে প্রবেশ করতে পারে। সেই তথ্যের ভিত্তিতে জীপতলী ব্রিজ এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাত ১২টার দিকে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে সেখানে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারের তালিকায় রয়েছে—একটি চায়নিজ পিস্তল, ৯ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গুলি ও খোসা, একটি দেশি একনলা বন্দুক, সাতটি খালি খোসা, পাঁচটি চায়নিজ চাপাতি, দুটি হাসুয়া, একটি হাতুড়ি, একটি গুলতি ও ১৩টি মার্বেল।
মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীদের নতুন নতুন কৌশল মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্তে বিশেষ অভিযানে একটি চায়নিজ পিস্তল ৭.৬২ তাজা গুলিসহ দেশিও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।