জয়পুরহাটের জমি নিয়ে বিরোধে যুবকে ছুরিকাঘাতে হত্যা

0
3
জয়পুরহাটের জমি নিয়ে বিরোধে যুবকে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাছুম হোসেন (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে তিলকপুর হাটের উত্তর রেল কোচিং এলাকার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাছুম হোসেন নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে মাছুমের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে শিবলু রহমানসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা মাছুমের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, একই বিরোধকে কেন্দ্র করে এর আগেও ২০১৯ সালে মাছুমের প্রতিবেশী দাদা ফজলুর রহমান নিহত হন। এছাড়া গত ৫ আগস্ট ফজলুর রহমানের ছেলে রতনকেও হত্যা করা হয়। ওই দুটি মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা বলেন, নওগাঁ থেকে খবর পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

তিনি জানান, ঘটনাস্থল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আওতাধীন হলেও নিহত ও অভিযুক্তদের বাড়ি নওগাঁ সদর থানার এলাকায়। নিহতের মরদেহ বর্তমানে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here