এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বর্তমান সরকার মব জাস্টিস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তার দাবি, পরিস্থিতি কমার বদলে আরও বেড়েছে এবং অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সম্পৃক্ততা দেখা যাচ্ছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই একই অবস্থায় পৌঁছে গেছে।
তিনি আরও বলেন, দেশের সংকটময় সময়ে বিএনপি সবসময় দুর্বল পারফরম্যান্স করেছে। সরকার দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর কথা বললেও মাত্র দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও জ্বালানির দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। এর প্রভাবে বিভিন্ন পণ্য ও সেবার মূল্যও বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মূল্যস্ফীতি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে মাত্রার মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই অবস্থায় পৌঁছে গেছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতারা।
এ সময় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।