শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা!

0
2
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা!

একটি নতুন এসইউভি গাড়ি কেনার পর এতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন রাজস্থানের এক আইনজীবী। তবে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছে ভিন্ন একটি দিক—সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে, কীর্তি সিং নামে ওই আইনজীবী প্রায় ২৪ লাখ রুপি ব্যয়ে একটি হুন্ডাই আলকাজার কেনেন। কিন্তু গাড়িটি ব্যবহারের শুরু থেকেই ইঞ্জিনের সমস্যা এবং গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়ার মতো বিভিন্ন ত্রুটি দেখা দেয় বলে তিনি অভিযোগ করেন।

দাবি অনুযায়ী, একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অভিযোগ জানানো হলেও সন্তোষজনক সমাধান পাননি তিনি। পরে বাধ্য হয়ে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন প্রতারণার শিকার হওয়া ওই আইনজীবী।

ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়েছে, মামলায় শুধু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই নয়, ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘ভাবুন তো, একটা গাড়ি কিনে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের তারকাদের বিরুদ্ধেই মামলা করতে হচ্ছে।’

এই বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক। গ্রাহকদের সাথে প্রতারণার বিষয়ে একাংশের মত, জনপ্রিয় তারকারা যখন কোনো পণ্যের প্রচার করেন, তখন সেই পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা তৈরিতে তাদেরও ভূমিকা থাকে।

তাই কিছু ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

অন্যদিকে অনেকেই মনে করছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কোনো তারকাকে মামলায় অন্তর্ভুক্ত করা হলেও আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন, তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার বিষয়। আবার কেউ কেউ পুরো ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here