দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রাতুল শিকদার অমিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফোনালাপে অমিকে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি ও হুমকি দিতে শোনা যায়। ওই অডিওতে তিনি বলেন, এটা আমার বাড়ির রাস্তা। এখানে স্বয়ং তারেক রহমান আসলেও কাজ হইব না। এখানে প্রাইম মিনিস্টার আসলেও কাজ হইব না। একইসঙ্গে তিনি ৮ হাজার টাকা দাবি করে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান জানতে চাপ দেন।
এ ঘটনায় বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম টঙ্গী পশ্চিম থানায় অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অমি ও তার সহযোগীরা মাজহারুল ইসলামকে তার কার্যালয় থেকে তুলে নিয়ে মারধর করেন এবং চাঁদা আদায় করেন। পরে তারা নিয়মিতভাবে সরাসরি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী অমিকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী মাজহারুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল শিকদার অমির ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।