মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদন শুনে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে আশিকা সুলতানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। এসময় তাকে পুনরায় ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ৫ দিনের পরিবর্তে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর-১ এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।