কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে ওসি জানান, স্কুলছাত্র ইথানের ওপর হামলার পরপরই অপরাধীদের ধরতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান শুরু করে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কোতোয়ালি থানা এলাকা থেকে মূল অভিযুক্ত জামসেদ হোসেন শ্রাবণকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি তৌহিদুল আনোয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “সমাজে নিরাপত্তা বিঘ্নকারী, মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের এই কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ আরও জানিয়েছে, এই রক্তক্ষয়ী হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান এখনও চলমান রয়েছে।