নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
2
নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশজুড়ে উদীয়মান কিশোর ও তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর সফলভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে প্রতিযোগিতার অনলাইন নিবন্ধনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গত ২ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৮ জুলাই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে, যার সমাপনী অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।

তিনি জানান, এবার প্রতিযোগিতা উপজেলা নয়, ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে। এছাড়া প্রথম আসরে আটটি ইভেন্ট থাকলেও এবার টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস তৃণমূলের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার ব্যাপক প্রচারে তথ্য অধিদপ্তর (পিআইডি) সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদে বিশেষ কভারেজ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাক্ষাৎকার প্রচারের ব্যবস্থা করা হবে। বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও এ আয়োজনের প্রচারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বলেন, বিটিভি এ আয়োজনের বিভিন্ন কার্যক্রম সম্প্রচার করবে। তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে বিটিভিতে ‘নতুন কুঁড়ি’ নিয়ে আলাদা সেগমেন্টও প্রচার করা হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here