হাওয়া ভবনের উচ্ছৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশের ক্ষমতায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

0
2
হাওয়া ভবনের উচ্ছৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশের ক্ষমতায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন তিনি ঢাকা মেডিকেলে গেলেন। প্রিয় জোবাইদা রহমানের সাথে সেলফি তুললেন।’

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাকবাংলা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিয়ের আগে শুনেছি মানুষ প্রেম করে। প্রধানমন্ত্রীর, আলহামদুলিল্লাহ, বিয়ের পরেও যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ এখন শুধু সেই প্রেমই দেখতে পাচ্ছে। কিন্তু দেশের আর কোনো পরিবর্তন দেখতে পায়নি। আপনি প্রেম করলে রুমে করেন। আপনাকে আমরা ভোট দিয়েছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা-সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য এবং বন্যাদুর্গত এলাকায় যাওয়ার জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায়নি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাদের সন্তানদের মধ্যে যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা সাঁতার কেটে গিয়ে পরীক্ষা দিচ্ছে। আহসানুল হক মিলন, আমার এলাকার ভাই। তিনি খুব সজ্জন ব্যক্তি, খুব ভালো ভাব দেখান। বাংলাদেশের অনেক মন্ত্রীই এমন ভাব ধরে থাকেন, যেন তিনিই সবচেয়ে ভালো মানুষ। আপনি যদি সত্যিই ভালো মানুষ হন, তাহলে দেখুন, একজন এইচএসসি পরীক্ষার্থী সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। তার সাথে থাকা মা-বাবাও কষ্ট করছেন। হাঁটুপানি থাকা রাস্তায় গর্তে পড়ে যাচ্ছে মানুষ। আপনাদের চোখে কি লজ্জা-শরম নেই? সরকার যদি একদিন এইচএসসি পরীক্ষা স্থগিত করতো বা পরে নিতো, তাহলে কী এমন সমস্যা হতো? শিক্ষাপ্রতিমন্ত্রী যদি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে না থেকে মাঠে গিয়ে বলতেন, “আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করছি” অথবা যেসব এলাকায় পানি রয়েছে, সেখানে পরীক্ষা কেন্দ্র না রেখে অন্যত্র কেন্দ্র দিচ্ছি, তাহলে শিক্ষার্থীরা অনেক ভালো একটি ব্যবস্থা পেত।’

তিনি আরও বলেন, ‘আপনারা একটি ভবনের নাম শুনেছেন, হাওয়া ভবন। বেগম খালেদা জিয়ার আমলে গিয়াসউদ্দিন আল মামুন, যাকে সিলভার মামুন বলা হয়, সেখানে বসে টাকা বানাতো। কাকে তুলে আনবে, কোন ব্যবসায়ীর ব্যবসা দখল করবে, এসব সিদ্ধান্ত হতো সেখানে। সেই হাওয়া ভবন এখন লন্ডনে বসেছে। হাওয়া ভবনের সেই গ্যাং, সেই উচ্ছৃঙ্খল যুবকেরা এখন বাংলাদেশে এসে ক্ষমতায় বসেছে। তাদের হাতে বাংলাদেশকে আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হলে এই উশৃঙ্খল যুবকদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সমাজের সবচেয়ে সজ্জন ও যোগ্য তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিতে হবে।’

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অন্য নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here