চার মাসের মধ্যেই ফ্যামিলি, কৃষক ও হেলথ কার্ড চালুর ঘোষণা

0
2
চার মাসের মধ্যেই ফ্যামিলি, কৃষক ও হেলথ কার্ড চালুর ঘোষণা

বর্তমান সরকার গঠনের চার মাসের মধ্যেই দেশের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড চালুর সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকালে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ১২ জন নেতাকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন। দেশের তরুণ সমাজ কর্মসংস্থানের মাধ্যমে আগামী দিনে জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সদ্য সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, এমনটা আমারও মনে হয়নি। তবে আপনারা গণমাধ্যমে যেভাবে বিষয়টি প্রচার করেছেন, পরবর্তীতে সত্যি সত্যিই সেটাই ঘটল। তিনি তার পদত্যাগপত্রে স্বাস্থ্যগত অবনতি ও গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেছেন। সুতরাং তিনি যা বলেছেন, আমরা সেটুকুই জানি এবং তার বাইরে আমাদের কিছু জানা নেই।”

পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান যে, এটি সম্পূর্ণভাবে দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বিষয় এবং এ বিষয়ে তাঁর নিজস্ব কোনো মন্তব্য নেই। এছাড়া গণমাধ্যমে রাষ্ট্রপতির বিরুদ্ধে চলমান বিভিন্ন আলোচনা বা অভিযোগ সম্পর্কে দল আনুষ্ঠানিকভাবে কিছু জানে না উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী বা চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা দলের নীতিনির্ধারক ও নির্বাহী কমিটিই যৌথভাবে নির্ধারণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here