কাজল আরেফিন অমির নাটক ও সিরিজে অভিনয়ের মাধ্যমে রাতারাতি দর্শকদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন লামিমা লাম।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তার অভিষেকের পর থেকে তিনি নিয়মিত বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি জিন্নাহ’র পরিচালনায় ‘টাকার মেশিন’ ওয়েব ফিল্মে কাজ শেষ করেছেন লামিমা।
তবে কাজের পাশাপাশি ভক্তরা তার ব্যক্তিজীবন নিয়েও বেশ কৌতূহলী। বিশেষত, তার বিয়ে নিয়ে অনেকেরই প্রশ্ন। একটি ভাইরাল ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, “এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!” ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বেও প্রায়ই ভক্তরা তার বিয়ে নিয়ে জানতে চান।
এ নিয়ে লামিমা বলেন, “আমি নিজেও জানি না। আল্লাহ যেদিন বিয়ে রেখেছেন, সেদিনই হবে।”
অল্প সময়ে লামিমা বেশ কিছু জনপ্রিয় নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, এবং ‘ফিমেল ২’।


