পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সকালে এসব মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাতিরঝিল থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় হাসনুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
শাহবাগ থানার নতুন হত্যা মামলায় দীপু মনি ও জুনায়েদ পলককে এবং রামপুরা থানার নতুন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
পিপি ওমর ফারুক ফারুকী জানান, জুলাই-আগস্টের গণহত্যায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তারা। দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

