নিজেদের জন্মভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে বিশাল সমাবেশ করেছে রোহিঙ্গা মুফতি ও ওলামারা। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলার কুতুপাংল ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা মাঝি, নেতাসহ কয়েক হাজার রোহিঙ্গা অংশ নেন।
সমাবেশে রোহিঙ্গা নেতারা জানান, দীর্ঘ আট বছর বাংলাদেশ তাদের আশ্রয়ে রেখেছে। কিন্তু শত চেষ্টার পরও বাংলাদেশে থাকা রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারেনি।
এ সময় স্বদেশে না ফিরতে পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, তাদের সহযোগিতা ও আন্তরিকতার অভাবে দেশে ফেরা হচ্ছে না।
সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ, নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমারের জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। ঝুপড়ি ঘরে বাস করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না।
সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত দেব। আমরা আরাকান স্বাধীন করব।


