বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

0
76

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে আবুল কালাম নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার কাঞ্জনপুরে এই ঘটনা ঘটে।

নিহত কালাম কাঞ্জনপুর গ্রামের ছানাউল্যার পাটোয়ারির ছেলে এবং পেশায় শ্রমিক ছিলেন। তিনি পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী রেহানা আক্তার জানান, ভোর রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে জিসান নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে সিএনজির ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালামকে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে তাকে আটক করে কাঞ্জনপুরের একটি বাগানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। সকাল বেলা মুমূর্ষু অবস্থায় কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, দুদিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয়। ওই অভিযোগে আবুল কালামকে ধরে এনে বাগানে বেঁধে নির্যাতন করা হয়। রাতভর তাকে মারধর করা হয় এবং সকালে আবারও তার ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ব্যাটারি চুরির অপবাদে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here