যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: উপদেষ্টা ফাওজুল

যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, রানিং স্টাফদের অধিকাংশ দাবিই ইতোমধ্যে পূরণ করা হয়েছে।

0
90

যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, রানিং স্টাফদের অধিকাংশ দাবিই ইতোমধ্যে পূরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে উপদেষ্টা এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘গতকাল রাত ১০টা পর্যন্ত আমরা তাঁদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনায় রেলের কর্মকর্তারা, শ্রমিক সংগঠনের নেতারা এবং পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।’ তিনি আরও জানান, ‘রানিং স্টাফদের দাবিগুলো ইতোমধ্যে অর্থবিভাগে পাঠানো হয়েছে এবং অনেক দাবি পূরণ করা হয়েছে। তবে কিছু দাবি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।’

রানিং স্টাফদের প্রতি উপদেষ্টা বলেন, ‘আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। তাঁরা চাইলে আমরা যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের দুর্ভোগে ফেলে কর্মবিরতি পালন করা কোনোভাবেই যৌক্তিক নয়। আলোচনা ছাড়া আন্দোলনের পথ বেছে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারকে চাপ দিয়ে দাবি আদায়ের চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, পেনশন ও আনুতোষিক সুবিধায় অ্যালাউন্স যোগ করার বিষয়ে সমস্যার সমাধান না হওয়ায় রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার রাত ১২টার আগে কমলাপুর স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও মধ্যরাতের পর শিডিউল অনুযায়ী ট্রেনগুলোতে রানিং স্টাফরা আর দায়িত্ব পালন করেননি।

এর আগে, সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা। রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here