পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল চালক নিহত

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

0
102
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে পিকআপ ভ্যানচাপায় নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত নুরু ভুঁইয়া ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়া বাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।

চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ঘটনার সময় পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নিহত ব্যক্তির আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগাদী চৌরাস্তা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং নিহতের মরদেহ শনাক্ত করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বালু বহনকারী পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here