অবশেষে মীমাংসা হলো ‘অমীমাংসিত’ সিনেমার

0
65

নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অমীমাংসিত’ নিয়ে জলঘোলা কম হয়নি। ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই সিনেমার ৪০ সেকেন্ডের টিজার প্রকাশ হওয়ার পরই নেটদুনিয়ায় কথা রটে- গল্পটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে। এরপর যতবারই এটি সেন্সরে গিয়েছে, ততবারই হতাশা নিয়ে ফিরতে হয়েছে সিনেমা সংশ্লিষ্টদের। সবশেষ গত বছর ২৪ এপ্রিল সেন্সর বোর্ড এটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে।

অবশেষে মীমাংসা হলো ‘অমীমাংসিত’ সিনেমার। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। এখন আর এটি মুক্তিতে কোনো বাধা নেই। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল।

তিনি বলেন, ‘অমীমাংসিত’ সম্প্রতি সনদ পেয়েছে। সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের এখানে আপিল করেছিলেন, বোর্ড সিনেমাটিকে সনদ দিয়েছে।’

এর আগে কথা ছিল, গত বছর ২৯ ফেব্রুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়ার। কিন্তু কয়েক মাস আটকে থাকার পর ২৪ এপ্রিল সেন্সর বোর্ড এটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

তখন সেন্সর বোর্ড চারটি কারণ উল্লেখ করে। তা হলো- ক. সিনেমাটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। খ. কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। গ. এ ধরণের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ঘ. সিনেমাটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here