আটবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি স্প্যানিশ ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা কিনেছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। কাতালুনিয়ার প্রতি মেসির গভীর আবেগ এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা বিকাশের লক্ষ্য থেকেই তিনি এই ঐতিহাসিক ক্লাবটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ইউই কর্নেল্লা ক্লাবটি স্প্যানিশ ফুটবলে তরুণ প্রতিভা অন্বেষণের একটি অন্যতম কেন্দ্র হিসেবে সুপরিচিত। ক্লাবটির সমৃদ্ধ একাডেমি থেকে উঠে এসেছেন জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া এবং জেরার্ড মার্টিনের মতো তারকা ফুটবলাররা। মূলত এই ঐতিহ্যবাহী ক্লাবটিকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই মেসি বিনিয়োগ করেছেন।
ফুটবলের তৃণমূল পর্যায়ে কাজ করার আগ্রহ আর্জেন্টাইন এই মহাতারকার অনেক পুরোনো। গত ডিসেম্বরে মায়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ‘মেসি কাপ’ আয়োজনের মাধ্যমে তিনি নিজের সেই আগ্রহের প্রতিফলন ঘটিয়েছিলেন। সরাসরি একটি ক্লাব কেনার মাধ্যমে তিনি এখন সেই লক্ষ্যকে আরও সুদূরপ্রসারী ও স্থায়ী রূপ দিতে চাইছেন।
মেসির মালিকানায় ইউই কর্নেল্লা তাদের ইতিহাসে নতুন এক যুগে পদার্পণ করল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কৌশলগত দূরদর্শিতা ক্লাবটির ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে আমূল ইতিবাচক পরিবর্তন আনবে। শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রেখে এবং তরুণদের বিকাশে ক্লাবটিকে আরও শক্তিশালী করে তোলাই মেসির মূল লক্ষ্য।