নিজ দেশের ক্লাবের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক

0
63

ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়স একটা সংখ্যামাত্র। শুধু কথায় নয়, মাঠের পারফর্মেন্সে বারবার সেটা তিনি প্রমাণ দিয়ে যাচ্ছেন। এবার নিজ দেশের ক্লাব রিও আবের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে করলেন হ্যাটট্রিক। তার দল আল নাসর জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার রাতে এস্তাদিও দু আলগার্ভে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল উপহার দেয় সৌদি ক্লাবটি। ১৫তম মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে আল নাসরকে এগিয়ে দেন মোহাম্মদ সিমাকান। তবে নিঃসন্দেহে এদিনের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন রোনালদো। এই কিংবদন্তি পর্তুগিজ স্ট্রাইকার ৪৪তম, ৬৩তম এবং ৬৮তম মিনিটে পরপর তিনবার বল জালে পাঠিয়ে পূরণ করেন হ্যাটট্রিক।

প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি এরিয়ার ভেতরে ফেলিক্সের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জোরালো শটে আল-নাসরের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির পর ৬৩ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। তবে রোনালদো এ যাত্রায় শট নেওয়ার সুযোগ দেন সাদিও মানেকে। কিন্তু সেনেগালের এই তারকার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার। এর মাত্র ১৬ সেকেন্ড পর অসাধারণ হেডে স্কোরলাইন ৩-০ করে ফেলেন রোনালদো।

এর মাত্র পাঁচ মিনিট পর রোনালদো তার হ্যাটট্রিক পূরণ করেন। জোয়াও ফেলিক্স বক্সের ভেতরে ফাউলের শিকার হলে এবার আর পেনাল্টির দায়িত্ব অন্য কাউকে দেননি সিআর সেভেন। স্পট কিক থেকে সফল হ্যাটট্রিকের পাশাপাশি স্কোরলাইন ৪-০ করে ফেলেন। আগামী ১৯ আগস্ট শক্তিশালী আল-ইত্তিহাদের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচটি খেলবে আল নাসর। রোনালদোর বর্তমান ফর্মের কারণে ম্যাচটি আরও বেশি রোমাঞ্চকর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here