সিলেটে বাসদ কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক

0
81

সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দলটির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

বাসদের নেতাকর্মীদের অভিযোগ, পাঠচক্র চলাকালে পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। আটককৃতদের মধ্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সিলেট জেলার সহসভাপতি বেলাল হোসেন ও মঞ্জুর আহমদসহ আরও অনেকে আছেন।

বাসদের সিলেটের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সিলেটের সভাপতি আবু জাফর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সকালে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ‘ভুখা মিছিল’ করার কথা ছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় তা হয়নি এবং মিছিলের জন্য আসা লোকজন চলে গিয়েছিলেন। পরে দলীয় কার্যালয়ে পাঠচক্র চলছিল। তখন পুলিশ কার্যালয় ঘেরাও করে ২২ জনকে আটক করে নিয়ে যায়।” তিনি আটকের সময় কার্যালয়ে ছিলেন না বলে জানান।

আবু জাফরও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে করা আন্দোলনের সংগঠক হিসেবে সক্রিয় আছেন। গত সেপ্টেম্বর মাসে কর্মসূচি থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ভাঙচুরসহ সহিংসতার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তারের পর প্রায় এক মাস কারাগারে থেকে সম্প্রতি তিনি জামিন পেয়েছেন।

তবে পুলিশ বাসদের কার্যালয় ঘেরাও করার অভিযোগ অস্বীকার করেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “কোনো দলীয় কার্যালয় ঘেরাও করে আটক করা হয়নি। ২২ জনকে আম্বরখানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে সেখানে কী করছিলেন, সেটা জানার চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।”

এর আগে, শুক্রবার দিবাগত রাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ এখনো তা জানায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া আন্দোলনে বাসদ ও সিপিবির নেতারা সংগঠক হিসেবে সম্পৃক্ত ছিলেন।