চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটক দুই নারী কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। বুধবার তাদেরকে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসাব কর্মকর্তা উত্তম চন্দ্র জানান, মঙ্গলবার সকালে দুই নারী পাসপোর্ট করার জন্য অফিসে এসে ডিএডি জাহাঙ্গীর আলমের কক্ষে যান। সেখানে জাহাঙ্গীর আলম কিছু প্রশ্ন করলে তারা সঠিকভাবে উত্তর দিতে পারেননি এবং বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে না পারায় সন্দেহ হয়।
পরে বিষয়টি চাঁদপুর সদর মডেল থানায় জানানো হলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, “চাঁদপুরে এই প্রথম রোহিঙ্গা নারীদের পাসপোর্ট করতে আসার ঘটনা ঘটল। এ ঘটনায় কারও সহযোগিতা বা স্থানীয় সম্পৃক্ততা আছে কিনা, তা পুলিশ তদন্ত করে দেখবে।”
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, “তাদের আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে যে ক্যাম্প থেকে তারা পালিয়ে এসেছেন, সেখানে ফিরিয়ে দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”