রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

0
49

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আগুন লাগার ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভেতরের একটি পরিত্যক্ত কাঠের স্তূপে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পদ্মা নদীর পাশে স্তূপ করে রাখা কাঠের সরঞ্জামাদিতে এই আগুনের সূত্রপাত ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়ে পার্শ্ববর্তী রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। মোট ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনে স্তূপ করে রাখা কাঠের সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।