৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ

0
34

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের (BCS) সম্পূরক ফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সংস্থাটির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানিয়েছেন যে, তাঁরা কর্তব্যরত একই ক্যাডার পদে বা পছন্দক্রমের নিম্ন পদে যোগদান করবেন না। এঁদের মধ্যে ২৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ করা থেকে বিরত থাকা হয়।

এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে, ৪৩ জন প্রার্থীকে তাঁদের কর্মরত ক্যাডার পদের চেয়ে পছন্দক্রম অনুযায়ী উপরের পদে সাময়িক মনোনয়ন দেওয়া হয়। উদ্ভূত শূন্যপদ পূরণের জন্য মেধাক্রম অনুসারে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে মেধাতালিকা থেকে নির্বাচন ও মনোনয়ন প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়ায় আরও ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের পূর্বের সুপারিশ পরিবর্তিত হয়ে তাদের পছন্দক্রমের উপরের পদে মনোনয়ন প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্ট পদের মেধা তালিকায় পদসংশ্লিষ্ট যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থী না থাকায় ২৬০টি পদ শূন্য হলেও নতুন ২৫৭ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনয়ন বাতিল: বিএড/এমএড সনদ না থাকায় নিম্নবর্ণিত ৫ জন প্রার্থীর ক্যাডার পদের (প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ) মনোনয়ন বাতিল করা হয়েছে: ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮, ১৩০০৫৮৬৯।

সব মিলিয়ে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১,৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১,৬৮১টি পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন/পদায়ন করা হয়েছে।