নির্বাচনের আগে গণভোটের দাবি: আজ সরকারকে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী

0
54

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট অনুষ্ঠিত হলে তাদের কোনো আপত্তি নেই।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এই কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনের আগে অ্যানি ডে (যেকোনো দিন) সরকার যদি এটা (গণভোট) অ্যারেঞ্জমেন্ট করে, ইলেকশন কমিশনকে বলে দেয়… উনারা (নির্বাচন কমিশন) বলেছেন, গভর্মেন্ট যদি বলে, তাহলে অবশ্যই গভর্মেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি। আমরা করব। আমরা সরকারকে এই দাবি আগামীকাল ফরমালি (আনুষ্ঠানিক) স্মারকলিপি প্রদান করার মাধ্যমে জানাব।”

তিনি জানান, “আগামীকাল বেলা ১১টায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে তুলে ধরব। এজন্য আমাদের দাবি আগের মতোই একেবারে সুস্পষ্ট, গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়।”

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে, গণভোট উপেক্ষিত থাকবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “একই দিনে ভোট মানে হচ্ছে, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হলে গণভোটের ফলাফল স্থগিত হয়ে যাবে।” এছাড়া মানুষের মনোযোগ না থাকার শঙ্কাও করছেন তিনি। নির্বাচনের দিনে গণভোটের চেষ্টাকে তিনি ‘পাতানো ফাঁদ’ বলেও আখ্যা করেন।

আট দল মিলে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, “আন্দোলন চলমান আছে। সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস (প্রধান লক্ষ্য) দিয়েছি, জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি। অনেক বিলম্ব হয়েও গেছে।” তিনি দ্রুত সরকারকে আদেশ জারি করার অনুরোধ জানিয়ে বলেন, “গণভোটটা এই আদেশকে আরো শক্তিশালী করবে, মজবুত করবে।”

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রবাসীদের ভোট, গণপ্রতিনিধিত্ব আদেশ, আইনশৃঙ্খলা এবং নির্বাচনি জোটসহ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলেও জানান হামিদুর রহমান আযাদ।