ইন্দোনেশিয়ার জাকার্তায় নামাজের মধ্যেই মসজিদে বোমা বিস্ফোরণ, আহত ৫৪

0
50

মসজিদের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্কুল কমপ্লেক্সের ভিতরের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতেই আহত হয়েছেন ৫৪ জন।

বিস্ফোরণের কারণে আহতদের হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ। নগর পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি এই বিস্ফোরণের কথা জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া লোকের সংখ্যা ৫৪ জনই জানান তিনি। অনেকের অল্প আঘাত লাগলেও কিছু জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। বিস্ফোরণের কারণে পুড়ে গিয়েছে শরীরের নানা অংশ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে দুপুর সাড়ে ১২টা নাগাদ (স্থানীয় সময়) বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছোয় বিরাট পুলিশ বাহিনী। ছুটে গিয়েছে অ্যাম্বুল্যান্স এবং দমকলও। স্কুল চত্বর মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।