ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মার্কোস দ্য মরেইস কাফু ঢাকায় আসছেন। সম্প্রতি আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ ও ব্রাজিলিয়ান রোনালদিনহোর পর তৃতীয় লাতিন তারকা হিসেবে কাফুর এই ঢাকা সফরকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল’ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতেই কাফু বাংলাদেশে পা রাখবেন। আয়োজক প্রতিষ্ঠান এএফবি প্রোমোশন জানিয়েছে, ১১ ডিসেম্বর সকাল আটটায় তিনি ঢাকায় পৌঁছাবেন।
গতকাল শুক্রবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনও উপস্থিত ছিলেন।
এএফবি প্রোমোশনের আয়োজনে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশের তিনটি দল। এটি তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা।
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
সময়কাল: ৫ থেকে ১১ ডিসেম্বর
দল: আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশ (অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ পর্যায় থেকে বাছাইকৃত দল)

