পরিচালক সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। চলচ্চিত্রটি বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এর জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাসুম রেজা। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে ছবিটি নির্মিত হয়েছে সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে।
ছবিতে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী: মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশুশিল্পী ঊষশী।
চলচ্চিত্রটির আন্তর্জাতিক অঙ্গনে আমন্ত্রিত হওয়া প্রসঙ্গে চিত্রনাট্যকার মাসুম রেজা ভীষণ আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এর চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি। সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে। মূলত এই ছবি আমাদের সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের কথা বলে।”
তিনি আশা প্রকাশ করেন, ‘নয়া মানুষ’ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে বাংলাদেশের সামাজিক জীবনযাত্রার চিত্র, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি ধারণা বিশ্বের দর্শকের কাছে ফুটে উঠবে।
‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। রেইনবো ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত এই উৎসবটি বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রচার এবং স্থানীয় নির্মাতাদের বিশ্ব চলচ্চিত্রে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নয়া মানুষ’ এই উৎসবের মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে।
অন্যদিকে, আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) করাচি, সিন্ধ সরকারের সহযোগিতায় ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৩৮ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের শতাধিক দেশের শিল্প, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে এই সাংস্কৃতিক উদযাপনে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে। এই পর্বেই ২০২৫ সালের ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।
একই সাথে দুটি আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। তিনি বলেন, “আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছে। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।”
চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।