মানিকগঞ্জ হাসপাতাল তত্ত্বাবধায়কের অফিস থেকে ৪০ হাজার টাকাসহ ব্যাগ চুরি, গ্রেপ্তার ৫

0
46

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ৪০ হাজার টাকাসহ একটি ব্যাগ চুরির ঘটনায় পাঁচজন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন এবং সাইফুল ইসলাম। পুলিশ জানিয়েছে, তারা সবাই বিভিন্ন পত্রিকায় সাংবাদিক পরিচয় দিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসে প্রবেশ করেন। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলার পর অফিস ত্যাগ করেন। এরপরই তত্ত্বাবধায়কের ব্যবহৃত একটি ব্যাগ অফিস থেকে নিখোঁজ দেখা যায়।

নিখোঁজ ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন জানান, কথোপকথনের সময় মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেন। পরে তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, “ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে আসতে পারেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”