ফুলবাড়িয়ায় বাসে আগুনে চালক নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

0
32

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে চালক মো. জুলহাসকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নেতা আব্দুল করিম সরকারের নির্দেশে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, ইউপি সদস্য আ. হালিম, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাহাদাত আনার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়া ও আকরাম শিকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বিএনপি নেতা আব্দুল করিম সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, “গতকাল গভীর রাতে আমার নিজ নির্বাচনী এলাকার ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান বাজার পেট্রোল পাম্প সংলগ্ন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর অগ্নি-সন্ত্রাসীদের দ্বারা ন্যাক্কারজনকভাবে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসচালক জুলহাস অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।”

তিনি আরও বলেন, “ফুলবাড়িয়ার ইতিহাসে এমন বিভীষিকাময় ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”