পুরান ঢাকার মামুন হত্যা মামলা: দুই শ্যুটারসহ ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

0
32

পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা মামলায় দুই শ্যুটারসহ মোট চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শ্যুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল এবং শামীম আহম্মেদ।

এর আগে, ১২ নভেম্বর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় এই দুই শ্যুটারসহ পাঁচজনের চারদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। রবিবার অস্ত্র মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন জানান।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর আসামিদের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে নেওয়া হয়।

শুনানির সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার আসামিরই পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।