তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: আমীর খসরু

0
45

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মন্তব্য করেছেন যে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন: “তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা কীভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে।”

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে।

বিএনপি নেতা আরও বলেন, “অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটা মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয়, সেটা অনির্বাচিত সরকারের দ্বারা হয় না।”

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় ঘোষণা করেন।