রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনা ও ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২২ নভেম্বর) রাজধানী ব্রাসিলিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্টের বাসার সামনে একটি সমাবেশ আয়োজন করেন। ওই সমাবেশের পরই তার বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়।
ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের অনুরোধে সুপ্রিম কোর্ট প্রতিরোধমূলক পরোয়ানা অনুমোদন দেয় এবং পরে তা কার্যকর করা হয়।
২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন বলসোনারো। এই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে চলতি বছরের শুরুতেই তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চের মধ্যে চারজন তার বিরুদ্ধে রায় দেন।
এ ছাড়া তার বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ব্রাজিলের গণতান্ত্রিক কাঠামো ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকদের সরকারি ভবনে হামলার ঘটনার প্রেক্ষিতেই এ অভিযোগ যোগ হয়।
এ নিয়ে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে।