সন্ত্রাস ও অপরাধ দমনে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে। সন্ত্রাস দমনে সরকারের শিথিলতা ও গাফিলতির কারণেই যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।
গতকালের ভূমিকম্পে ১০ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। রাজধানী ঢাকাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদান।
এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে হাসপাতালে যান রিজভী। তিনি বলেন, প্রকাশ্যে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।