তিন দিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারেই চলবে চিকিৎসা

0
43

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চিকিৎসা অব্যাহত থাকবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় শুধু দেশের চিকিৎসকরাই নন—যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞরাও নিয়মিত পরামর্শ দিচ্ছেন। তাদের যৌথ আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তার মায়ের চিকিৎসাব্যবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি দুই পুত্রবধূ, ছোট ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য এবং দলীয় নেতারাও চিকিৎসায় সহযোগিতা করছেন।

হাসপাতালে অতিরিক্ত ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাদের নেত্রীর জন্য এখানে বিশ্বের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তাই দেখতে এসে ভিড় না করে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করছি।”

দেশের বাইরে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যখন মেডিকেল বোর্ড এ বিষয়ে কোনো পরামর্শ দেবে, তখন তা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।