বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় দলটির ঘোষিত বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক পরিস্থিতি আগের মতোই রয়েছে জানিয়ে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান তিনি।
এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, আমেরিকা, চীন, সৌদি আরব ও সিঙ্গাপুরের চিকিৎসকদের যৌথ মতামতের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হচ্ছে। চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে আছেন ডা. জোবায়দা রহমান।
তিনি জানান, চেয়ারপারসন বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি তিনি হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।