মানবতাবিরোধী অপরাধের মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

0
56

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ। এরপর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে তোলা হয়। ওই দিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে গত ২৩ সেপ্টেম্বর তাকে পুনরায় আদালতে হাজির করা হয়। সে সময় যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ওই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।