গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: কনস্টেবলসহ আহত ৪

0
41

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এতে এক কনস্টেবল ছুরিকাহত হওয়াসহ মোট চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এই হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মোশারফ হোসেন (ছুরিবিদ্ধ), উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ এবং কনস্টেবল আজিজুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল বুধবার রাত দশটার দিকে ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযান চালিয়ে লাকি আক্তারসহ কয়েকজনকে আটক করে। এ সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের দুটি গাড়ি ও একটি সিএনজি ভাঙচুর করে। হামলাকারীরা জাহাঙ্গীর নামের এক আসামিকে ছিনিয়ে নেয় বলেও পুলিশ অভিযোগ করেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: আক্তার (২৮), জামাল (৩৫), কামাল (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মুন্না (২০), ফয়জুল্লাহ (২৬), আশিক (২৪) এবং শিল্পী (২৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানান, প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হলেও হামলার মুখে দুজন পালিয়ে যায়। পরে অভিযান জোরদার করে ইয়াবা ও মোটরসাইকেলসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।