বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

0
27

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই রাজনৈতিক দল বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং কাটাখালী বাজারের একটি বিএনপি কার্যালয়ে ভাঙচুর করা হয়। তবে ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি নিজেও আহত হয়েছি।”

অন্যদিকে পাভেল আহমেদ বলেন, “থানা পুলিশের অনুমতি নিয়ে কাটাখালী বাজারের বিএনপি কার্যালয়ে সভা চলাকালে রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।”

তবে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়, মূলত গোষ্ঠীগত দ্বন্দ্ব। বাজারসংক্রান্ত নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আনুমানিক ৭–৮ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।”