চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

0
20
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ চীনের রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাতে দুই পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে আসছেন। এর আগে সৌদি আরবের রাষ্ট্রদূতসহ একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বাণিজ্য অংশীদার। পদ্মা সেতু রেলসংযোগ, কর্ণফুলী টানেলসহ দেশের একাধিক বড় অবকাঠামো প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। নতুন সরকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।