লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, পুড়ল ৯ দোকান

0
3
লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, পুড়ল ৯ দোকান

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৯টি দোকান পুড়ে যায়। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। দূরত্ব বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় কামারহাট বাজারের আলিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুত ছিল। গ্যাসের চুলা মেরামতের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান গণমাধ্যম ও জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।