পাথরঘাটায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

0
40
পাথরঘাটায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বরগুনার পাথরঘাটায় মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা জ্বালানি সরকারি মূল্যে জেলেদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, মাছধরা ট্রলারগুলোর জন্য নির্ধারিত জ্বালানি দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে একটি সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। এর ফলে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন।

অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ফিশিং ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ট্রলার চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। প্রশাসনের উদ্যোগে রাতেই তালিকা অনুযায়ী ডিজেল বিতরণ করা হবে। এতে জেলেরা আবারও সাগরে মাছ ধরতে যেতে পারবেন।

স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন পর প্রশাসনের কার্যকর অভিযানে তারা স্বস্তি পেয়েছেন। নিয়মিত নজরদারি থাকলে ভবিষ্যতে আর কৃত্রিম সংকট তৈরি হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।

পাথরঘাটা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা সিন্ডিকেট কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here