জুলাই সনদ পুরোপুরি কার্যকর এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের সাধারণ মানুষকে আর রাজপথে নামতে বাধ্য করবেন না।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে নয়, বরং জনগণের দেওয়া স্পষ্ট রায়ের বিপক্ষে অবস্থান নেওয়ার বিরুদ্ধে। জনগণের বিপক্ষে কোনো অবস্থান নেবেন না।” তিনি আরও অভিযোগ করে বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে।
বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের জুলাই বিপ্লবের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কিংবা যারা সংসদ সদস্য হয়েছেন—সবই সম্ভব হয়েছে জুলাই বিপ্লবের কারণে। এই বিপ্লবের কারণেই আমরা নতুন করে দ্বিতীয় জীবন পেয়েছি। কিন্তু এই রক্তক্ষয়ী বিপ্লব এক দলের হাত থেকে ক্ষমতা নিয়ে অন্য দলকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য হয়নি; এই বিপ্লব হয়েছিল সার্বিক শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য।”
সবশেষে দেশে চলমান জ্বালানি সংকটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বর্তমানে দেশে ভয়াবহ জ্বালানি সংকট চলছে এবং পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এর মধ্যে শোনা যাচ্ছে আপনারা জ্বালানির দাম আরও বাড়াবেন। জ্বালানির দাম বাড়ানোর আগে অবিলম্বে সাধারণ মানুষকে জ্বালানি কার্ডের ব্যবস্থা করে দিন।”