রূপপুরে আজ শুরু ইউরেনিয়াম লোডিং, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় ধাপ

0
22
রূপপুরে আজ শুরু ইউরেনিয়াম লোডিং, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় ধাপ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এটি বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

জ্বালানি লোডিং কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ উপস্থিত থাকবেন। এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও রুশ সরকারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিংয়ের তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন দেয়। কিছু কারিগরি কারণে পূর্বের সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আসবে এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমবে। স্থানীয়দের মধ্যেও এ নিয়ে আশাবাদ দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here