দেশের ১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ চললেও আবহাওয়া অফিস দুই বিভাগে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এসব এলাকায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
শনিবার (২৩ মে) সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এই ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। যার ফলে নদীবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
আজ দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যত্রও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এর প্রভাবে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
ঝড়-বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেও দেশের ১৪টি জেলার ওপর দিয়ে এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো: মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী। তবে বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কিছু কিছু এলাকা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।